
পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরসিংদীর শিবপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় শিবপুরের কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।
এতে জেলার বিভিন্ন এলাকার পোল্ট্রি ব্যবসায়ীরা অংশ নেন। উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মেসবাহউদ্দিন মেজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় খামারিদের উৎপাদন খরচ বেড়েছে। এতে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ খামারিরাও।
তাদের অভিযোগ, এসব পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে পোল্ট্রি খাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি যৌক্তিক মূল্যে খাদ্য, বাচ্চা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।
পোল্ট্রি খাতের সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয় প্রতিবাদ সভা থেকে।
পরে কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ব্যবসায়ীরা। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে।
md:Ruhul amin 








