
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজক এবং দর্শনার্থীদের জন্য একগুচ্ছ দিকনির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপে নারী ও পুরুষদের যাতায়াতের জন্য আলাদা পথ রাখার পাশাপাশি ব্যাগ কিংবা পোটলা নিয়ে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ স্থানে আর্চওয়ে গেট বসানোর তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া বিসর্জনস্থল ও মণ্ডপে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট প্রস্তুত রাখতে বলা হয়েছে।
মণ্ডপ সুরক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড পরিধান নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি পূজা উদ্যাপনের সময় অন্য ধর্মের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে আজান ও নামাজের সময় এবং প্রতিমা বিসর্জনের সময় লাউডস্পিকার বা শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে হবে। একই সঙ্গে সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
যানজট নিরসন ও ট্রাফিক স্বাভাবিক রাখতে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত রুট মেনে চলতে এবং স্থানীয় প্রশাসন নির্ধারিত নির্দিষ্ট স্থানেই বিসর্জন সম্পন্ন করতে বলা হয়েছে।
জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য বেশ কিছু হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে পুলিশ। এর মধ্যে পুলিশ সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হলো ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯ ও ০১৩২০০০১৩০০। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়ন্ত্রণ কক্ষের নম্বর ০২২২৩৩৫৫৫০০ এবং ০১৮১৭৬০২০৫০। এছাড়া ঢাকেশ্বরী মন্দির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বর ০২৯৬১১৩৫৩ ও ০১৭০৫৫০৫৫২৯ এবং ফায়ার সার্ভিসের নম্বরগুলো হলো ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৭৩০৩৩৬৬৯৯।
যেকোনো জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা চালু থাকা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিনামূল্যে কল করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের সহায়তা নেওয়া যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নম্বর পেতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক: রুহুল আমিন। অফিস: বগুড়া সদর, সেউজগাড়ী কারমাইকেল রোড মোবাইল: ০১৭৬৭৪২৬৮৮৯
ই-পেপার