
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর কোনো সন্ধান তিন দিনেও পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও পুলিশ জানিয়েছে, গত রোববার তারা বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজ তিনজনের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। তারা সবাই একই এলাকার বাসিন্দা এবং একে অপরের আত্মীয়। তাদের মধ্যে একজন চকরিয়ার মানিকপুর এলাকার বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং অন্য দুজন স্থানীয় উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। ১৫ বছর বয়সী কিশোরী বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনতে যাচ্ছিল।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, রোববার সকাল সাড়ে নয়টার দিকে তারা মানিকপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে তারা বিদ্যালয়ে পৌঁছাতে পেরেছিল কি না, তা নিশ্চিত নয় স্বজনরা। পরিবারের দাবি, মেয়েদের কারও কাছে মোবাইল ফোন থাকার কথা নয়। অথচ যে অটোরিকশা চালক তাদের চকরিয়ায় নামিয়ে দিয়েছেন, তিনি জানান যে কিশোরীদের কাছে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ছিল। এ বিষয়ে কোনো কিনারা করতে না পেরে মঙ্গলবার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানিয়েছেন, চকরিয়া বাসস্ট্যান্ডে স্মার্টফোনসহ তিন কিশোরীকে দেখার তথ্য পাওয়া গেছে। সেখান থেকে তারা কোন দিকে গিয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ ধারণা করছে, তারা চকরিয়া কিংবা কক্সবাজার এলাকায় থাকতে পারে। বর্তমানে তাদের অবস্থান শনাক্ত করতে চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
সম্পাদক: রুহুল আমিন। অফিস: বগুড়া সদর, সেউজগাড়ী কারমাইকেল রোড মোবাইল: ০১৭৬৭৪২৬৮৮৯
ই-পেপার